পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশ:

পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮), যিনি পাবনা শহরের উত্তর শালগাড়িয়ার বাসিন্দা জামাল শেখের ছেলে এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা বুলু খাতুন (৫৭)। বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের সঙ্গে স্বজন হিসেবে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাঁথিয়ায় ফিরছিল। পথে সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রাজ শেখ ও বুলু খাতুন প্রাণ হারান। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও বাসে থাকা আরও অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন