না ফেরার দেশে সাংবাদিক শেখ আব্দুল আলীম

প্রকাশ:

সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলীম আর নেই। ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি ফুসফুসে বাতাস প্রবেশের বিরল ও জটিল সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল ১০টায় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধিদল তাঁর ফুসফুসে সফল অস্ত্রোপচার করেছিলেন। তবে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তীব্র খিঁচুনি উঠলে তাঁর মৃত্যু হয়।

শনিবার দুপুর দুইটায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাফেজ মাসুম বিল্লাহর ইমামতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব স্মৃতিচারণ সভায় অ্যাডভোকেট নজরুল ইসলাম, শফিউল ইসলাম খান, সাংবাদিক আব্দুল বারি, এস এম শহীদুল ইসলাম, মো. সাখাওয়াতউল্যাহ, আসাদুজ্জামান, জি এম আমিনুল হক, আমিরুজ্জামান বাবু, মোহাম্মদ জিল্লুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আলতাফ হোসেন বাবু, মেহেদী হাসান শিমুল, এম ইদ্রিস আলী, মো. আবুল কালাম, এস এম মহিদার রহমান, শফিক-উদ-দৌলা সাগর, সিরাজুল ইসলাম ও আতিয়ার রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন। জানাজা শেষে তাঁকে শহরের কামালনগর কবরস্থানে সমাহিত করা হয়।

দীর্ঘ পেশাগত জীবনে তিনি দৈনিক পত্রদূত, দৈনিক সদ্যখবর, দৈনিক কাফেলা ও দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যকরী সদস্য ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সকল ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি।

শেয়ার করুন